|
জামাল হোসেন, বেনাপোল থেকে।। বুধবার রাতে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া বাজার এলাকায় মাইক্রোবাস ঠেকিয়ে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে খন্দকার জামাল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার যশোর কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন।
মামলার বাদী জামাল হোসেন জানান, বুধবার রাতে তিনিসহ একই এলাকার শরিফুল ও তার ভাই মোতালেব মাইক্রোবাসে চড়ে যশোর শহরে ঈদের কেনাকাটা করতে আসেন। তারা যাকাতের কাপড়, পরিবার পরিজনের কাপড় চোপড়, প্রসাধনীসহ ৪ লাখ ৭০ হাজার টাকার পণ্যসামগ্রী কেনেন। এই জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরার পথে রাত ১২টার দিকে রূপদিয়া বাজার এলাকায় পৌঁছালে ৬/৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেল দিয়ে তাদের গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে নগদ দুলাখ টাকাসহ ওই পণ্যসামগ্রী সবমিলিয়ে প্রায় ৭লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।এ সময় ডাকাতদের মারপিটে মোতালেব আহত হন।
এ ঘটনায় খন্দকার জামাল হোসেন একই এলাকার ইন্তাজের ছেলে ফিরোজ, হামিদ ফকিরের ছেলে লিটন, কাশেমের ছেলে জিন্নাহসহ ৬/৭ জনকে আসামি করে মামলা করেছেন। যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানিয়েছেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের আটকের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।
|