জামাল হোসেন, বেনাপোল থেকে।। যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকার সম্পাদক ও যশোর প্রেসকাবের সহ সভাপতি জাহিদ হাসান টুকুনকে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে জমি জালিয়াতি মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত ঘুষের টাকা না দেয়ায় যশোর কোতোয়ালি থানার শিক্ষানবিশ উপ পরিদর্শক (পিএসআই) কামরুজ্জামান তাকে ওই মামলায় জড়ান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক জাহিদ হাসান টুকুন যশোর প্রেসকাবে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছর ২০ নভেম্বর যশোরের চৌগাছা বাকপাড়া এলাকার সেলিনা বেগম নামে এক মহিলা জমি জালিয়াতি করে রেজিস্ট্রির অভিযোগে আদালতে পিটিশন মামলা করেন। এ মামলায় ওই বছরের ২৫ অক্টোবর জমি রেজিস্ট্রির দিন উল্লেখ করা হয়েছে। জাহিদ হাসান টুকুন জানান, উল্লিখিত সময়ে তিনি হজব্রত পালনের জন্য মক্কা শরীফে ছিলেন। আর কারা কি উদ্দেশে ওই জমি তিনিসহ মোট ৪ জনের নামে রেজিস্ট্রি করেছেন তা তিনি জানেন না। এ কারণে তিনি এই রেজিস্ট্রির বিপক্ষে আইনি পদক্ষেপও নিয়েছেন। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তে প্রমাণিতও হয়। কিন্তু এরপরও পিএসআই কামরুজ্জামান তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
জাহিদ হাসান টুকুন দাবি করেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও পিএসআই কামরুজ্জামান বিভিন্ন মাধ্যমে তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছেন। অন্যথায় তার বিরুদ্ধে জমি জালিয়াতির এই মামলাসহ বিভিন্ন ধারার মামলায় জড়ানো হবে বলে হুমকি দেন তিনি। এরপরও টাকা না দেয়ায় সেই কাজটিই কামরুজ্জামান করেছেন বলে দাবি জাহিদ হাসান টুকুনের। এ জন্য তিনি দায়ী পিএসআইর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ সম্মেলনে প্রেসকাব যশোরের সভাপতি মিজানুর রহমান তোতা, সম্পাদক আহসান কবীরসহ যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|