অলিম্পিকে প্রথম অ্যাথলেট হিসেবে ‘ডাবল-ডাবল’ অর্জনের পর উসাইন বোল্ট পরবর্তী লক্ষ্য নিয়ে কিছুটা যেন বিভ্রান্ত।
একে-একে সব লক্ষ্যই তো পূরণ হয়েছে ‘জীবন্ত কিংবদন্তি’ বোল্টের। ১০০ ও ২০০ মিটারে টানা দুবার অলিম্পিক সোনা জয়ী জ্যামাইকার গতি-সম্রাট দুটি ইভেন্টেই বিশ্ব ও অলিম্পিক রেকর্ডের মালিক। কিন্তু এখানেই থেমে যেতে চান না লন্ডনে বিশ্বের দ্রুততম মানবের সম্মান ফিরে পাওয়া বোল্ট।
আরেকটি অর্জনের তাড়নাও অবশ্য আছে। যা হলে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন তিনি। ‘ডাবল-ডাবল’কে ছাড়িয়ে ‘ট্রিপল-ট্রিপল’ অর্জনের অনন্য সুযোগ!
চার বছর আগে বেইজিং অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারের পাশাপাশি জ্যামাইকার হয়ে ৪ী১০০ মিটার রিলের সোনাও জিতেছিলেন বোল্ট। শনিবার বাংলাদেশ সময় রাত দুটোয় এই ইভেন্টের ফাইনালে বোল্টের দেশের ব্যর্থতা লন্ডন অলিম্পিকের অন্যতম অঘটনেরই জন্ম দেবে নিঃসন্দেহে।
বৃহস্পতিবার ২০০ মিটারে সোনা জেতার পর বোল্ট বলেন, “আমি এখনই অবসরে যাচ্ছি না। আমি এই খেলাটা দারুণ ভালোবাসি। আমার সব সাফল্য, সমস্ত ভক্ত সব কিছুই এসেছে এই খেলা থেকে।”
“আমি আমার লক্ষ্য ঠিক করে নিয়েছিলাম। এবার আমাকে নতুন লক্ষ্য নির্ধারণ করতে হবে,” যোগ করেন তিনি।
ইয়োহান ব্লে¬ক ও ওয়ারেন ওয়েইয়ার - ২০০ মিটারে রুপা ও ব্রোঞ্জ জয়ী দুই স্বদেশীই এখন তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী।
একই কোচের অধীনে অনুশীলন করেন বোল্ট ও ব্লে¬ক। ট্র্যাকে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, ট্র্যাকের বাইরে দুজনের বন্ধুত্ব এখনো অটুট।
বোল্ট বলেন, “আমি তাকে (২০১০ সালে ব্লেককে) বলেছিলাম, ‘তুমি ভুল সময়ে এসেছো। আগামী দুই বছর আমার।’ এই দুটো বছর যে আমার, সেটা তাকে দেখাতে হতো।”
২৬ বছর বয়সী বোল্ট আরো অন্তত চার বছর ট্র্যাকে থাকতে চান। অবসর প্রসঙ্গে তিনি বলেন, “৩০ বছর বয়সে আমি অবসরের সিদ্ধান্তের কথা ভাববো। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পথটা ভীষণ কঠিন। (২০০ মিটারে) ব্লেক এখনই ১৯.৪ সেকেন্ডে দৌড় শেষ করছে। অর্থাৎ আগামী চার বছর সে আরো ঔজ্জ্বল্য ছড়াবে। সে আরো দ্রুত দৌড়ানোর আগেই আমি বিদায় নিতে চাই।”
২০১৬ সালে রিও ডি জেনিরো অলিম্পিকে অংশ নেয়ার ব্যাপারে তিনি বলেন, “আমার মনে হয় রিওতে মিশনটা ভীষণ কঠিন হবে। ব্লেক-ওয়েইয়ার দুজনের বয়সই এখন ২২। যার অর্থ তখন তাদের ২৬ বছর বয়স হবে, আর আমার হবে ৩০।”
“আমার সময় ফুরিয়ে যায়নি। মানুষের জীবনে অনেক কিছুই সম্ভব। তবু (রিওতে) কাজটা আমার জন্য ভীষণ কঠিন হবে নিঃসন্দেহে,” যোগ করেন ইতিহাস গড়া এই ¯িপ্রন্টার।
|